সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন সারওয়ার আলম। এবার তিনি উপসচিব পদমর্যাদায় সিলেট জেলার প্রশাসনিক প্রধান হিসেবে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম সবচেয়ে বেশি আলোচিত হন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। সিনিয়র সহকারী সচিব থাকাকালে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন, যা ব্যাপক প্রশংসা কুড়ায়। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযান তখন মানুষের আস্থা ও সমর্থন অর্জন করে।

তবে ২০২০ সালের নভেম্বরে তাকে হঠাৎ বদলি করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তিনবার পদোন্নতিতে বঞ্চিত হওয়ার পর অবশেষে গত বছরের আগস্টে উপসচিব পদে উন্নীত হন তিনি। এর আগে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। তাঁর ভাষায়, “পদোন্নতিতে বঞ্চিত হওয়ায় আমি দুঃখিত ও ক্ষুব্ধ।” পরে সেই পোস্টের কারণে তাকে তিরস্কারের শাস্তি ভোগ করতে হয়।

সর্বশেষ এই নিয়োগে আবারও আলোচনায় এসেছেন তিনি। প্রশাসনিক অভিজ্ঞতা, ভেজালবিরোধী অভিযান এবং সাহসী কর্মকাণ্ডের জন্য পরিচিত এই কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক হিসেবে কী ধরনের উদ্যোগ নেবেন—তা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে।

দর্শক, আপনার কি মনে হয়—সিলেটের নতুন ডিসি হিসেবে সারওয়ার আলম পুরনো সেই ভেজালবিরোধী কঠোর অভিযানগুলো আবারও ফিরিয়ে আনতে পারবেন?

Next News Previous News