ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২০ আগস্ট (বুধবার) মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ দিন নির্ধারণ করেন। এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে।

আজকের শুনানিতে তিনজন সাক্ষী জবানবন্দি দেন— শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জবানবন্দি শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিমসহ অন্যান্য প্রসিকিউটর।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন। এখন পর্যন্ত মোট ১২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রটি ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে ৮১ জন সাক্ষীর তালিকা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রশ্ন রয়ে গেল—এই আলোচিত মামলার রায় কি এবার দ্রুতই জনসমক্ষে আসবে?

Next News Previous News