একাত্তরের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং দুই দেশের অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা, সম্পদের বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বৈদেশিক সাহায্য হস্তান্তর, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ দীর্ঘমেয়াদী অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। এ ধরণের পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্থায়ী ও দূরদর্শী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার গুরুত্বের ওপর জোর দেন। উভয়পক্ষ পারস্পরিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সংস্কৃতি, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ সব সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Next News Previous News