নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করেই সেতু উদ্বোধন করলেন উপদেষ্টা
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার প্রকল্পের উদ্বোধনকালে নাম ফলকে নিজের নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে তিনি ফলক উন্মোচন না করে ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন।
রোববার সকালে পিপিপি ভিত্তিক জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়ক উদ্বোধন করা হয়। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে বলেন, “সড়কে যে অব্যবস্থাপনা চলছে তা দূর করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক ও পণ্যবাহী যানবাহনগুলো ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে। ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে।”
যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, “টেকসই, নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য সড়কের পাশাপাশি অন্যান্য যোগাযোগ মাধ্যম সক্রিয় করতে হবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে এবং বাইরের নির্ভরতা কমাতে হবে।”
ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০১৮ সালের ৬ ডিসেম্বর পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্প ২০২২ সালের ১৫ মে থেকে কার্যকর এবং ২৫ বছরের চুক্তি ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত থাকবে। নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ সাংবাদিকরা।
