ডাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভিপি পদপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছেন আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। দীর্ঘ শিক্ষাজীবন ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি এই নির্বাচনে আলোচনায় এসেছেন।

ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, “ইতিহাসের অংশ হতেই আমি ভিপি হিসেবে লড়াইয়ে নামছি।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, “১/১১ এর সময় স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। দীর্ঘদিন গণতন্ত্রের লড়াইয়ে মাঠে থেকেছি। ২০০৯ সালে এক ঘটনার পর আমাকে প্রিয় বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেখান থেকেই আমার শিক্ষাজীবন ব্যাহত হয়েছে, বিসিএসসহ কোনো চাকরির সুযোগও পাইনি।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিটি সংকটে গত ১৬ বছর আমি লড়াই চালিয়ে গেছি। স্বৈরশাসন পতনের লক্ষ্য নিয়েই এগিয়েছি।”

আবু তৈয়ব হাবিলদারের প্রার্থিতা নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ডাকসু ইতিহাসে বয়স ও অভিজ্ঞতার বিচারে তিনি অন্য প্রার্থীদের থেকে ভিন্নমাত্রার প্রতিদ্বন্দ্বী।

প্রশ্ন হচ্ছে—ডাকসুর ভিপি পদে তরুণ শিক্ষার্থীদের সাথে এই অভিজ্ঞ প্রার্থী কতটা প্রতিযোগিতা করতে পারবেন? শিক্ষার্থীরা কি অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবেন, নাকি নবীন নেতৃত্বকে বেছে নেবেন?

Next News Previous News