ভারতে আ.লীগের কার্যালয় বন্ধের আহ্বান বাংলাদেশের

ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন ও রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে বলা হয়, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দলের নামে অফিস খোলা এবং কার্যক্রম চালানোর খবর সরকারের নজরে এসেছে।

মন্ত্রণালয়ের দাবি, ওই অফিসগুলো থেকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এমনকি সম্প্রতি একটি এনজিওর আড়ালে দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিষিদ্ধ দলের নেতারা ভারত থেকে এ ধরনের কার্যক্রম চালালে তা দুই দেশের সুসম্পর্কে প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। একই সঙ্গে এটি দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এসব কারণ বিবেচনায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—ভারতের ভেতরে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এখন প্রশ্ন উঠছে—ভারত সরকার এই আহ্বানে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে? দুই দেশের সম্পর্ক কি এ কারণে নতুন করে কোনো পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে?

Next News Previous News