জাতির প্রত্যাশা পূরণ ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: যুব শক্তি
জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪৬ | আপডেট: ১৯:২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ না করে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।
সোমবার (১৮ আগস্ট) ভোলা জেলা যুব শক্তি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের আগে শহীদদের রক্তের হিসাব গুনে গুনে দিতে হবে। বিএনপির সবচেয়ে বড় দেয়াল হচ্ছে এনসিপি। বিএনপি ক্ষমতায় আসতে চাইলে প্রথমে এনসিপিকে মোকাবিলা করতে হবে। কিন্তু তাদের সেই সামর্থ্য নেই।”
তিনি অভিযোগ করেন, বিএনপি দেশকে চাঁদাবাজি ও লুটতরাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে। একইসঙ্গে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০২৪ সালের ৫ আগস্টকে একই সূত্রে গাঁথা ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন— “শেখ হাসিনা ছিলেন শেখ মুজিবের চেয়েও বড় ফ্যাসিস্ট।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান, আলামিন প্রমুখ।
