ধর্মীয় কারণে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না: পশ্চিমবঙ্গের বিধায়ক
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন, বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে আগমন মূলত ব্যক্তিগত স্বার্থের কারণে হচ্ছে, ধর্মীয় নিপীড়নের কারণে নয়।
দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মুসলমানদের কারণে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে আসছে, এটা একদমই সত্য নয়। ধর্মীয় কারণে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এমন কোনো প্রমাণ নেই।”
তিনি আরও উল্লেখ করেন, হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বলা হচ্ছে। “হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে দলের সমর্থন ভিত্তিক ঘটনা, ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই,” বলেন বিধায়ক।
মনোরঞ্জন ব্যাপারী আরও বলেন, যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাদের অনেকের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ডসহ অন্যান্য প্রমাণ থাকায় তারা ভারতের নাগরিক হিসেবে অধিকার ভোগ করছেন। “নিজেদের স্বার্থেই তারা আসছে, ধর্মীয় কারণে নয়। কেউ ধর্মের ভিত্তিতে তাদের ওপরে কিছু বলছে না।”
বিধায়কের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে আসা মানুষরা সাধারণত ব্যবসা, জমি, পারিবারিক ও ব্যক্তিগত কারণে ভারতে চলে আসছেন। তিনি প্রমাণ হিসেবে জানান, স্থানীয় জনগণের তুলনায় বাংলাদেশ থেকে আগতদের সংখ্যা বেশি নয় এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে তারা মিলেমিশে বসবাস করছেন।
প্রশ্ন থেকে যাচ্ছে, হিন্দুদের ভারতে আগমনের এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক মহলে নিপীড়নের অভিযোগের আলোকে এ ধরনের বিবৃতি কতটা গ্রহণযোগ্য হবে—এটি আলোচনার বিষয় হয়ে থাকবে।
