২০২৬ সালের নির্বাচন রমজানের আগেই, প্রস্তুত হতে বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়
২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচন আয়োজন নিয়ে পাঠানো চিঠি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই বৈঠকে বসবে কমিশন।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বুধবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনারের কাছে।
পত্রে বলা হয়েছে, “নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।” তাঁর ভাষায়, “এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে।”
এর আগে, ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারণ এবং ইসিকে চিঠি দেয়া হবে। সেই ঘোষণা অনুযায়ীই এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সাম্প্রতিক প্রেক্ষাপট: নির্বাচন পূর্ব প্রস্তুতির এই বার্তা এমন সময়ে এলো, যখন রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐক্য, নতুন রাজনৈতিক জোট ও সম্ভাব্য নির্বাচনপূর্ব পুনর্বিন্যাস নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
প্রশ্ন থেকে যাচ্ছে: রমজানের আগেই নির্বাচন আয়োজনের এই তাড়াহুড়ো কি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেবে? আপনাদের কী মত?
