তেলের জন্য শুল্ক! যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলল ভারত

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ভারত ত্রিভুজে। রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, তা ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সরাসরি ভারতের জাতীয় স্বার্থকে আঘাত করেছে। তাদের ভাষায়, “এ বিষয়ে নিজেদের অবস্থান আমরা আগেই পরিষ্কার করেছি। বাজারের বাস্তবতা এবং ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়ে থাকে।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপ অত্যন্ত দুঃখজনক—বিশেষ করে যখন অনেক দেশই নিজেদের স্বার্থে একই কাজ করছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, “আমরা আবারও জোর দিয়ে বলছি, এসব পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।” পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতিক পরিস্থিতি: যুক্তরাষ্ট্র এখন বিশ্ববাজারে রাশিয়ার প্রভাব কমাতে কৌশলগতভাবে বিভিন্ন দেশের ওপর চাপ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতকে লক্ষ্যবস্তু করা মূলত জিও-স্ট্র্যাটেজিক প্রতিযোগিতারই অংশ।

প্রশ্ন থেকে যাচ্ছে: যুক্তরাষ্ট্রের এই শুল্ক কূটনৈতিক সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলবে? আর ভারত কতটা কঠোর হবে নিজের অবস্থানে?

Next News Previous News