রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, সেনাবাহিনীর ঘেরাও
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর পুরো বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাড়িটির ভেতরে ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালিত হচ্ছিল, সেখান থেকেই এসব সামগ্রী উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এ অভিযানে অংশ নেয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস ডিভাইস, ওয়াকিটকি, দূরবীন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও বহু উপকরণ।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, তাঁর ভাষায়, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তারা যদি পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করে, তখন বিস্তারিত জানানো সম্ভব হবে।”
সর্বশেষ খবরে জানা গেছে, সেনাবাহিনীর নজরদারির মধ্যে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের কোনো ক্ষতির আশঙ্কা নেই।
এমন অভিযানের ফলে প্রশ্ন উঠছে—শহরের ভেতরে শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে কীভাবে এমন সরঞ্জাম মজুত হলো? এ ধরনের ঘটনার পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে কোনো বড় চক্র যুক্ত আছে কি না, তা নিয়েই এখন কৌতূহল জনমনে।
