লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইসরাইলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের ঘালিবাফ।

সোমবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ঘালিবাফ বিষয়টি নিশ্চিত করেন।

এক্সে প্রকাশিত পোস্টে ঘালিবাফ বলেন, “আমার ভাই এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার জনাব নাবিহ বেরির সঙ্গে আলাপে আমি জোর দিয়ে বলেছি, লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) অপরাধযজ্ঞ যদি অব্যাহত থাকে, তবে আমরা কেবল আলোচনা প্রক্রিয়াই স্থগিত করব না, বরং তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব।”

তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি ইরান সমর্থন অব্যাহত রাখবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

পোস্টের শেষাংশে ঘালিবাফ লিখেছেন, “প্রতিরোধ দীর্ঘজীবী হোক! মাতৃভূমি রক্ষা দীর্ঘজীবী হোক! ইরান ও লেবাননের জনগণের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক!”

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ইরান, লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতির ওপর আরও প্রভাব ফেলতে পারে।

Next News Previous News