প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কৌশলগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক গুরুত্ব পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে অর্থনীতি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এর আগে গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নিতে চীনের দালিয়ান সফর শেষে গত বুধবার বেইজিংয়ে পৌঁছান।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Next News Previous News