স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

গুলিবিদ্ধ শিক্ষার্থীর মায়ের পাশে এমপি, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

কুমিল্লায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের পরিবারের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থীর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে উপস্থিত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ করে এমপি বলেন, মাদক কারবারিদের দৌরাত্ম্য চলতে থাকলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের কোনো অর্থ থাকে না। তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

মনিরুল হক চৌধুরী বলেন, প্রয়োজন হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে কুমিল্লা রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

আহত শিক্ষার্থীর মা সোনিয়া আক্তার জানান, এলাকার দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন ছেলে স্কুল থেকে টিফিন শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংসদ সদস্য আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Next News Previous News