চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দাভোস সম্মেলন শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে হাই-স্পিড বা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। এর মাধ্যমে তাঁর চীন সফরের বেইজিং পর্ব শুরু হলো।

এর আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ শীর্ষক ওই অধিবেশনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ।

ডব্লিউইএফের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গবেষক এবং গণমাধ্যম প্রতিনিধিরা ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর এখন তিনি বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য সরকারি কার্যক্রমে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Next News Previous News