এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল মমতাজকে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক আদালতে মমতাজকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে।

এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট মুক্তার হোসেনের শরীর ও বুকে বিদ্ধ হলে তিনি আহত হন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

আদালতের আদেশের মাধ্যমে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Next News Previous News