প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তিন সদস্যের পাকিস্তানি প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়টি।
উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। ভবিষ্যতে সামরিক সম্পর্ক আরও কার্যকর ও ফলপ্রসূ করতে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
