বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

জন্মদিনের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার স্বাচিপ নেতা ডা. সামির হোসেন মিশুবগুড়ার শেরপুর উপজেলায় একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে হোটেল মকটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডা. মিশুকে জন্মদিনের কেক কাটার প্রস্তুতিকালে দেখতে পায় পুলিশ। পরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া সদর থানার মামলার প্রেক্ষিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। এছাড়া তিনি অতীতে বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

স্থানীয়ভাবে ডা. মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি বিভিন্ন মহলে পরিচিতি লাভ করেন। তিনি পুন্ড্র পদকপ্রাপ্ত হিসেবেও সুপরিচিত।

Next News Previous News