ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দিবে না ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করেছে তেহরান। দেশটির সরকার জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আইএইএ প্রধানের সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার (২৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ সম্মেলনে বলেন, সুইজারল্যান্ডে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে কোনো বৈঠক হয়নি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটিকে আমন্ত্রণ জানানোরও কোনো পরিকল্পনা নেই।
বাগাই বলেন, এ ধরনের পরিদর্শনের জন্য বর্তমানে কোনো নির্ধারিত প্রটোকল নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং আইএইএ-এর সঙ্গে সম্পাদিত সেফগার্ডস চুক্তির আওতায় ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন অব্যাহত রাখবে।
ইরানের এই অবস্থান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে তিনি দাবি করেছিলেন, ইরান আইএইএ পরিদর্শকদের আবারও দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এটি ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের পথে একটি প্রাথমিক পদক্ষেপ।
তবে ইরানের প্রত্যাখ্যানের মধ্যেই নতুন করে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান দীর্ঘমেয়াদে সর্বোচ্চ পর্যায়ের পরমাণু পরিদর্শনের বিষয়ে পূর্ণ সম্মতি দিয়েছে।
পরিদর্শন ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যের ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
