৩ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই সব শিক্ষার্থীর জন্য মিড ডে চালু
ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো স্কুল খাবারবিহীন থাকবে না, কোনো স্কুল টেবিল ছাড়া থাকবে না এবং কোনো শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া থাকবে না। শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, শিশুদের ভারী বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে দেখতে চান না। বরং তারা যেন আনন্দের সঙ্গে খেলাধুলা ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে, সেই পরিবেশ তৈরি করা হবে।
খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিখতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ এবং মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
