গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

চাটখিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যার কোনো অভিযোগ নেই, তবে আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। তাই এ দুই শক্তির বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুম এ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল জনমানুষের আন্দোলন এবং এর কৃতিত্ব কোনো একক দল বা গোষ্ঠীর নয়। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।

বক্তব্যে তিনি ইলিয়াস আলী এবং চৌধুরী আলম এর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

ইশরাক হোসেন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আবার অন্য একটি দল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের একক অর্জন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে এবং মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, মনীষ দাশ এবং আবদুল মোন্নাফ।

Next News Previous News