সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু
নাইজারের সাহারা মরুভূমিতে পিপাসায় ৪৯ জনের মৃত্যু
নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর পানির অভাবে পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আগাদেজ গভর্নরেট ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। সঙ্গে থাকা পানি শেষ হয়ে গেলে তারা চরম বিপদের মুখে পড়েন।
ঘটনাটি ঘটে আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে একটি প্রত্যন্ত মরুভূমি এলাকায়। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং মালি সীমান্তের কাছাকাছি অবস্থিত।
গভর্নরেট জানায়, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হওয়ায় তারা তীব্র তাপদাহ ও পানির সংকটের মধ্যে আটকা পড়ে যান। ফলে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
তবে দুই ব্যক্তি প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ৪৯ জনকে গণকবরে দাফন করা হয়েছে।
