হামলা অব্যাহত থাকলে সমঝোতা স্মারক স্থগিতের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) স্থগিত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে।
বিবৃতিতে আইআরজিসি ইসলামাবাদ সমঝোতার পঞ্চম দফার উল্লেখ করে জানায়, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতে রয়েছে। এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র যদি তার সামরিক আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে ইরান আরও কঠোর ও শক্ত জবাব দিতে বাধ্য হবে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের পরিপন্থি। এমন পরিস্থিতি তৈরি হলে চলমান সমঝোতা প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যাবে।
ইরানের এই কঠোর অবস্থানের ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে সংকটের মুখে পড়েছে। গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে সেই যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
