ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা মোকাবিলায় ইরানের প্রতিরোধ ‘অভূতপূর্ব’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে, যা আক্রমণকারী দেশগুলোর প্রত্যাশার বাইরে ছিল বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই প্রতিরোধের ফলে ইরান এখন বিশ্বের কাছে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান সাম্প্রতিক সংঘাত নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরানের শত্রুরা ধারণা করেছিল যে মাত্র কয়েক দিনের মধ্যেই ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সেখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে এমন দৃঢ়তা ও সক্ষমতার পরিচয় দিয়েছে, যা প্রতিপক্ষের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, ইরানি বাহিনীর কার্যকর প্রতিরোধের কারণেই প্রতিপক্ষকে তাদের কৌশল পরিবর্তন করতে হয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণে ইরান আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সংঘাতের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে ইরানের পাল্টা প্রতিরোধ এবং দীর্ঘস্থায়ী উত্তেজনার পর পরিস্থিতি পরিবর্তিত হয়।

বর্তমানে দুই দেশের মধ্যে বিরোধ নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়েছে। দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতায় আলোচনার পথও উন্মুক্ত হয়েছে বলে জানা গেছে।

Next News Previous News