সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের স্বর্ণের আংটি উপহার দেবে তামিলনাড়ু সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্য সরকারের নতুন এই উদ্যোগকে ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে চালু হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের স্বর্ণের আংটি দেওয়া হবে।

তামিল সমাজে প্রচলিত ‘থাই মামান সির’ নামের একটি ঐতিহ্যবাহী রীতি থেকে এই কর্মসূচির ধারণা নেওয়া হয়েছে। ওই রীতিতে নবজাতককে তার মামা আশীর্বাদস্বরূপ উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে।

রাজ্য প্রশাসনের মতে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরে প্রায় ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকের পরিবারকে উৎসাহ ও সহায়তা দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সরকার।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পের প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।

Next News Previous News