মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা দিলেন মাদুরো
ভূমিকম্পের পর কারাগার থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা মাদুরোর
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর দেশবাসীর প্রতি সংহতি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় তিনি দুর্যোগ মোকাবিলায় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দ্রুত পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মাদুরো তার বার্তায় বলেন, কেউ যেন একা না থাকে এবং প্রতিটি সম্প্রদায় যেন শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষের বিশেষ যত্ন নেয়। একই সঙ্গে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলা একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। তবে জনগণের বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে দেশ আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ভূমিকম্পে বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু ভবন ধসে পড়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে প্রথমে ৭.২ মাত্রার এবং পরে ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলীয় এলাকায়।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে সরকারি কর্তৃপক্ষ এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি।
উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
