সুনামগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপির অঙ্গসংগঠনগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো নাশকতা বা নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত।

বক্তারা আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Next News Previous News