সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. মাসুদ এমপি
সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন-ভাতা দান করে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তার নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাস এর পরিবারের জন্য তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ প্রদান করেছেন।
তিনি আরও জানান, পরিবারটির বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মাসুদ বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।
তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্রের নিশ্চিত করার কথা থাকলেও স্বাধীনতার দীর্ঘ সময় পরও অনেক মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
সংবিধান ও রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণে কার্যকর সংস্কার প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা উচিত।
ড. মাসুদ আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা হলে মানুষের মৌলিক অধিকার শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সমাজের সকল মানুষকে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।
