তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐকমত্য হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লি গোওইং বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর দুই দেশের সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও উল্লেখ করেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক গবেষণা ও অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।

বৈঠকে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই পানিসম্পদ উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Next News Previous News