চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

চরমোনাই পীরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিলেন এমপি মনিরুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনার কথা জানান।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না এবং কারা মামলা করেছেন, সেটিও তার জানা ছিল না।

তিনি বলেন, বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন। মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দলীয় নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করতে নির্দেশ দেন। পরে তাকে জানানো হয় যে, বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।

এমপি মনিরুল হক আরও জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইন-শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০ জুন কুমিল্লা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী জালাল আহমেদ খোকন তালুকদার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা প্রত্যাহারের বিষয়ে জালাল আহমেদ খোকন তালুকদার জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে মামলাটি করেছিলেন। তবে এমপি মনিরুল হক চৌধুরীর নির্দেশনার পর দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং মামলা প্রত্যাহারের অনুরোধ জানান। এরপর তিনি বৃহস্পতিবার মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে জানান।

Next News Previous News