ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে আপস করতে প্রস্তুত পুতিন

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে আপস করতে প্রস্তুত পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে মস্কো আপস করতে প্রস্তুত। তবে যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকেও নমনীয়তা দেখাতে হবে বলে তিনি সতর্ক করেছেন।

সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামের ফাঁকে বিদেশি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যদিও তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান বজায় রাখেন।

তিনি জানান, গত বছর আলাস্কার আঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যে প্রস্তাবগুলো আলোচনা হয়েছিল, তার ভিত্তিতেই রাশিয়া একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

“আমরা ইউক্রেনের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত।”

পুতিন আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচিত কিছু আপস মেনে নিতে রাশিয়া রাজি আছে। তার মতে, ইউক্রেনকেও সেই আপসগুলো গ্রহণ করতে হবে, যাতে সংঘাত দ্রুত “স্বাভাবিক সমাপ্তির দিকে” যেতে পারে।

তিনি বলেন, যুদ্ধ শেষ হলে উভয় পক্ষই বলবে, “ভাল হয়েছে, শেষ হয়েছে।”

যুদ্ধক্ষেত্রে অগ্রগতির দাবি

পুতিন দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অগ্রসর হচ্ছে এবং এখন তারা সম্পূর্ণ লুহানেস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, দোনেৎস্ক অঞ্চলের ৮৫ শতাংশ এবং জাপোরিঝিঝিয়া অঞ্চলের ৮০ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালে মস্কো এসব অঞ্চল নিজেদের অংশ হিসেবে দাবি করলেও কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তা অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

Next News Previous News