জব্দ করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য শষ্য কিনে ইরানে পাঠানো হবে: ট্রাম্প
জব্দকৃত তহবিল দিয়ে ইরানের জন্য কৃষিপণ্য কেনার পরিকল্পনা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের জন্য যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে জব্দকৃত ইরানি তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। তার দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মার্কিন কৃষকদের জন্য একটি নতুন রপ্তানি বাজার তৈরি হবে।
বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান বর্তমানে খাদ্য সংকটের মুখোমুখি। এ কারণে দেশটির জব্দকৃত অর্থের একটি অংশ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম মনোরম দেশ ইরান।”
ট্রাম্প আরও বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরান একটি সুন্দর জায়গা। তারা খাদ্য সংকটে ভুগছে এবং আমরা তাদের কিছু অর্থ ব্যবহার করে প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং এটি বড় পরিসরে বাস্তবায়িত হবে।”
তবে পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, কত অর্থ ব্যবহার করা হবে কিংবা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না—এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিশ্লেষকদের মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে মার্কিন কৃষিপণ্যের নতুন বাজার তৈরি হতে পারে, অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেও নতুন ধরনের অর্থনৈতিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হতে পারে।
