পবিত্র আশুরা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ঝুঁকি নেই
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। পাশাপাশি আতশবাজি, পটকা, বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি চালানো হবে।
সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কিছু কর্মী বা সন্দেহভাজন ব্যক্তি মিছিল ও সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে। তবে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
ডিএমপি জানিয়েছে, আশুরা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
