বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।
জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে সুইস রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশে সুইজারল্যান্ডের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং গ্রিন এনার্জি, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
আলোচনায় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
বৈঠকে ভবিষ্যতেও বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
