ফের হামলা হলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির
ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা কয়েকটি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে উসকানি দিয়ে এই প্রতিশ্রুতি ভঙ্গের চেষ্টা করেছে। এর যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে জবাব দেওয়া হবে।’
আইআরজিসি আরও জানায়, ‘যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক ও কঠোর।’
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে সাম্প্রতিক সমঝোতা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আরও বেড়েছে।
