ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র
ইসরাইল-লেবানন ১৪ দফা চুক্তির পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করল যুক্তরাষ্ট্র
ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন।
চুক্তির দ্বিতীয় দফায় বলা হয়েছে, ইসরাইল ও লেবানন সরকার একটি পারস্পরিক, ধাপে ধাপে এবং যাচাইযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতা বাস্তবায়নে সম্মত হয়েছে।
চুক্তি অনুযায়ী, লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ধীরে ধীরে দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে এর আগে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ভেঙে ফেলার শর্ত পূরণ করতে হবে।
এই শর্ত বাস্তবায়ন ও আন্তর্জাতিকভাবে যাচাই হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীও ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৪ দফার বাকি ধারাগুলোর বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে সংঘর্ষের মাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পথে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাবে না। বর্তমানে ইসরাইলি বাহিনী লেবাননের প্রায় ৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
তিনি আরও জানান, লেবাননের সেনাবাহিনীকে পরীক্ষামূলকভাবে দুটি এলাকায় দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে—একটি লিতানি নদীর দক্ষিণে এবং অন্যটি নদীর উত্তরে।
