ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা
রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে হাসপাতালে
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরিসা।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে প্রাণ বাঁচাতে বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গেলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক ছুরির আঘাত থাকলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
ঘটনার খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির কারাবিনিয়ারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোম পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালাচ্ছে। ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
