সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে
সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহ ও রাসুল (সা.)-এর সঙ্গে যুদ্ধ করতে না চাইলে দেশে সুদের প্রচলন বন্ধ করতে হবে।
রোববার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অনেক দেশেই সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সফলভাবে পরিচালিত হতে পারে। তার দাবি, সুদের কারণে সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়।
তিনি বলেন, দেশে একটি জাকাত মন্ত্রণালয় গঠন করে আলেমদের নেতৃত্বে জাকাত ব্যবস্থাপনা পরিচালনা করা উচিত। তার মতে, সঠিকভাবে জাকাত আদায় করা গেলে বিপুল পরিমাণ অর্থ রাষ্ট্রীয় অর্থনীতিতে যুক্ত হবে এবং বাজেট ঘাটতি কমাতে সহায়ক হবে।
অধ্যাপক মুজিবুর রহমান কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে ঋণনির্ভর অর্থনীতির সমালোচনা করে বলেন, অতিরিক্ত ঋণ দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
বাজেট আলোচনায় তিনি কওমি মাদ্রাসার জন্য বরাদ্দ, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারি সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণেরও আহ্বান জানান।
এ ছাড়া তিনি বলেন, ইসলামের আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বিবেচনা করা উচিত এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
