ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই সক্ষমতা না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতে পারত।
পাকিস্তান সফরকালে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান স্পষ্টভাবে জানান, ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আপস করবে না। সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা আমাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কখনো, কোনো পরিস্থিতিতেই কারও সঙ্গে আপস করব না।”
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক চলছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদে পৌঁছান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই দিনে পৃথক ফ্লাইটে পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।
পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরান থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান পেজেশকিয়ান। অন্যদিকে ওমানে কূটনৈতিক সফর শেষে পাকিস্তানে যান পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি।
রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।
বিশ্লেষকদের মতে, এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল-আরাবিয়া, ডন
