যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্ট বাতিলের ভাবনায় ট্রাম্প, নেপথ্যে যে কারণ
‘এলভিসের চেয়েও বেশি দর্শক টানি’— দাবি ট্রাম্পের নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কনসার্টের পরিবর্তে বক্তৃতা ও সমাবেশ করার কথা তিনি ভাবছেন। তিনি নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ দাবি করে বলেন, ‘গিটার ছাড়াই আমি এলভিসের সোনালি সময়ের চেয়েও বড় দর্শক টানি।’
এখানে তিনি প্রয়াত কিংবদন্তি শিল্পী এলভিস প্রেসলির কথা উল্লেখ করেন।
এই সপ্তাহের শুরুতে রক ব্যান্ড পয়জনের প্রধান গায়ক ব্রেট মাইকেলস ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট থেকে সরে দাঁড়ানো পঞ্চম শিল্পী হিসেবে নাম লেখান। এই কনসার্ট সিরিজটি আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফ্রিডম ২৫০-এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ‘আমেরিকান চেতনার বিজয় উদযাপন’ করার একটি বিশেষ অনুষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে।
স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি, নোটে তার স্বাক্ষর এবং বিশেষ পাসপোর্টে তার মুখচ্ছবি যুক্ত করার উদ্যোগ নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এর আগে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড এবং ফাংক ও সোল গ্রুপ দ্য কমোডোরসও এই অনুষ্ঠান থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন।
