লেবানন ইস্যুতে জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক ফ্রান্সের
লেবানন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাইল ফ্রান্স
লেবাননে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের ব্যাপক বিস্তার এবং দক্ষিণ লেবাননের মধ্যযুগীয় বোফোর্ট দুর্গ দখলের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই তথ্য নিশ্চিত করেছেন।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জঁ-নোয়েল বারোট বলেন, “আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছি। কারণ, আমরা অন্যান্য দেশের মতো ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই। তবে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রাখা এবং দেশটির ভূখণ্ডে আরও গভীর দখলদারিত্বের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।”
ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরই প্যারিসের পক্ষ থেকে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।
ফ্রান্সের মতে, লেবাননের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করছে। তাই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে দেশটি।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এসেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য বৈঠকে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং উত্তেজনা প্রশমনের উপায় খোঁজা হতে পারে।
