আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শুরু থেকেই সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও সংবিধান মেনে চলবে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিও সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ এবং এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান মেনে চলার অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছি, এখনো সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি।”

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। এই সনদের প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গ

তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে বিষয়টি আগে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইন প্রণয়ন করতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়টি নির্ধারিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শপথবাক্য কে পাঠ করাবেন এবং কীভাবে শপথ হবে—এসব বিষয় সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত করতে হবে। এর আগে জবরদস্তিমূলকভাবে শপথ পড়ানো হলে তা সংবিধানসম্মত হয়েছে কি না, তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের।”

অধ্যাদেশ প্রসঙ্গে বক্তব্য

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আগের অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। তবে কোনটি অনুমোদন পাবে, কোনটি সংশোধন হবে বা কোনটি বাতিল হবে—সেই সিদ্ধান্ত সংসদই নেবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন। এতে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল

Next Post Previous Post

Advertisement