ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান

ইরানকে ঘিরে সহিংসতা ঠেকাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে তুরস্ক: এরদোগান
আন্তর্জাতিক

ইরানকে ঘিরে সহিংসতা ঠেকাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে তুরস্ক: এরদোগান

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানী আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

এরদোগান বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে নিরাপদ পথ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ দেখা দিলেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের তুরস্ক সফরের প্রসঙ্গ তুলে এরদোগান বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তোনিও গুতেরেস নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শরণার্থী সুরক্ষা, বৈশ্বিক ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় শাটল কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুতেরেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এরদোগান বলেন, “আমার প্রিয় বন্ধুকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নীরব সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত।”

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান মাস মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করবে।

এরদোগান বলেন, তুরস্ক তার বৈদেশিক নীতিতে “দেশে শান্তি, বিশ্বে শান্তি” নীতিকে কেন্দ্রবিন্দুতে রাখে, যা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্কের উত্তরাধিকার।

তিনি আরও বলেন, তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাগত মূল্যবোধের অন্যতম শক্তিশালী সমর্থক। যেখানে আগুন, সেখানে আমরা পানি নিয়ে যাই; যেখানে ব্যথা, ট্রাজেডি বা কান্না আছে, সেখানে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করি।

Next News Previous News