হরমুজ প্রণালি দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হোয়াইট হাউস বর্তমানে এই কৌশলগত জলপথটি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি ‘চিন্তাভাবনা’ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘অনেক কিছু’ করার সক্ষমতা রয়েছে।
বাণিজ্যিক জাহাজ চলাচল স্থবির
ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনো প্রণালিটি বন্ধ করেনি, তবে তারা সতর্ক করে বলেছে—কোনো মার্কিন বা ইসরাইলি তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে।
বৈশ্বিক উদ্বেগ বাড়ছে
বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এসেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।
তাদের আশঙ্কা, এমন পরিস্থিতি তৈরি হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে।
