ইরান যুদ্ধের প্রভাব যেভাবে পড়ছে খেলার দুনিয়ায়

মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্রীড়াঙ্গনে প্রভাব, বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণের পর ইরানের পালটা জবাবে সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও।

চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সব ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকেও সরে দাঁড়াতে পারে ইরান।

অনিশ্চয়তায় বিশ্বকাপ প্লে-অফ

মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিমান চলাচল বন্ধ থাকায় বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফও অনিশ্চয়তার মুখে পড়েছে। এ মাসের শেষদিকে মেক্সিকোয় প্লে-অফ খেলতে যাওয়াও কঠিন হয়ে পড়েছে ইরাকের জন্য।

এই পরিস্থিতিতে প্লে-অফ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।

মেক্সিকোয় সেমিফাইনাল

আগামী ২৬ মার্চ মেক্সিকোর মন্তেরেই শহরে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৩১ মার্চ ফাইনাল খেলার কথা রয়েছে ইরাকের।

কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের আকাশসীমা বন্ধ থাকায় দলটির যাতায়াত নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সময় চাইলেন ইরাক কোচ

ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড মনে করেন, শুধু বিদেশি লিগে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করতে হলে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন বাধাগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, ‘ফুটবল নিয়ে ইরাকের মানুষের আবেগ পাগলামির পর্যায়ে পড়ে। কিন্তু বিমানবন্দরগুলো বন্ধ থাকায় এখন আমরা নিরুপায়। বিকল্প পথ বের করতে কঠোর পরিশ্রম করছি।’

তিনি আরও বলেন, ফিফা যদি ম্যাচ পিছিয়ে দেয়, তাহলে দল প্রস্তুতির জন্য সময় পাবে। বলিভিয়া ও সুরিনাম এ মাসেই খেলতে পারে। এরপর বিশ্বকাপের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে গিয়ে বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে ইরাক।

Next Post Previous Post

Advertisement