ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার
ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার
ইবি, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার স্মরণে দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রমজান উপলক্ষে গণ-ইফতার
রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য উম্মুল মুমেনিন আয়েশা সিদ্দিকা হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা, নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং প্রায় দুই হাজার পাঁচশ শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তাদের বক্তব্য
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। কুরআনের কারণেই এই মাস বিশেষ মর্যাদা লাভ করেছে। তাই এ মাসে মুসলমানদের বেশি বেশি কুরআন অধ্যয়ন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা প্রয়োজন।
তারা আরও বলেন, মানুষ যদি ব্যক্তিগত জীবনে ইসলামের শিক্ষা অনুসরণ করে, তবে সমাজে নৈতিকতা ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব। এতে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করা যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, মানুষের রিজিকের ফয়সালা দুনিয়াতে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। তাই পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান তারা।
শেষে হত্যাকাণ্ডের শিকার হওয়া শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
উপস্থিতি
অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন।
Source: আমার দেশ অনলাইন
