মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজার, জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার বারবার বাজার এলাকায় আসা-যাওয়া করতে থাকে। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। কিন্তু তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি।
অপহরণের চেষ্টা
কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই প্রাইভেটকারটি আবার সেখানে আসে। গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে।
তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম তদন্তে কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Source: আমার দেশ অনলাইন
