মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবকে মার্কিন সেনা সরানোর আহ্বান ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই উপযুক্ত সময়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং দেশটিকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে।
আরাগচি আরও বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের সামরিক অভিযানগুলো মূলত সেই ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।
পোস্টটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও যুক্ত করেন তিনি।
চার থেকে ছয় সপ্তাহ যুদ্ধ চলতে পারে: ট্রাম্প
এদিকে আরেক খবরে জানা গেছে, ইরানে চলমান যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলছেন যে ইরানে চলমান এই সামরিক অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে এবং এখনো তিনি সেই অবস্থানেই রয়েছেন।
ক্যারোলিন আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবেই এগোচ্ছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি। তবুও তিনি কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন।
“কূটনীতি এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ।”
