বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের
বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের
স্টাফ রিপোর্টার: নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে শপথের দিনই বিএনপির সংসদ সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বিএনপির এমপিদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ
আখতার হোসেন বলেন, জুলাই সনদের আদেশের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু বিএনপির এমপিরা তা না করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।
তার মতে, এর মাধ্যমে শপথের দিনই জুলাই সনদের পাঁচ দফা আদেশ লঙ্ঘন করা হয়েছে। আইনের স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির সংসদ সদস্যরা জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অসম্মান করেছেন।
বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও পরে জনগণের মনোভাব বুঝে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। এখন আবার আদালতের আশ্রয় নিয়ে গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে আদালতের অধীন করা যায় না।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার আহ্বান
বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা এখনো ভুল পথে আছেন, তবে সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন শুরুর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামি ও এনসিপির সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তারা শপথ নিয়ে জনগণের অর্পিত দায়িত্ব পালনে দায়বদ্ধ। কোনো আইনি কৌশলের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনকে নষ্ট হতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের প্রসঙ্গ
আখতার হোসেন বলেন, জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতার কারণে আওয়ামী লীগের পরিণতি সবাই দেখেছে। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষকদের তথ্য আহ্বান করে গুগল ফর্ম
এদিকে শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে এনসিপি।
রোববার ফেসবুকে দলটির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা খাতসহ রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা খাতের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য।
Source: আমার দেশ অনলাইন
