জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গাজীপুর: জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার থেকে স্বজনদের সঙ্গে বের হন

তিনি জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত সব কাগজপত্র এক দিন আগেই কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

দুটি মামলাতেই জামিন

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পান।

তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, দুটি মামলায় জামিন পাওয়ায় আনিস আলমগীরের কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

গ্রেপ্তার ও রিমান্ড

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়।

পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ তাকে জামিন দেন উচ্চ আদালত।

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৫:১১

Next News Previous News